রাজধানীর জুরাইন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন ও বিক্রির দায়ে ৬ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জুরাইনের ১৭৯, পশ্চিম জুরাইন, ঢাকা-১২০৪ ঠিকানায় অবস্থিত ‘সৌরভ এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় বিএসটিআই’র মোবাইল কোর্ট।
তদন্তকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ সিএম লাইসেন্স এবং ওজন ও পরিমাপ নিবন্ধন সনদ ছাড়াই বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছে।
প্রতিষ্ঠানটির সাথে জড়িত অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ০৬ (ছয়) জন ব্যক্তিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ১৫(১)/২৭ ধারা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪(৪)/৪১ ধারা অনুযায়ী প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
আদালত খুব দ্রুত বিএসটিআই’র বৈধ লাইসেন্স ও সনদ গ্রহণ করে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশ দেন।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ সাফায়েত হোসেন, অফিসার, বিএসটিআই, মোঃ সামিউল ইসলাম, পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা।
এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

