রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর ও সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, প্রথমে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সেগুলো ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।

প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে দুপুরে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেছিলেন, ‘জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।’