ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্য ও ছোট শিশুর উপস্থিতিতে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।
ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেন।
এ সময় তাকে গালিগালাজ, মারধর ও হেনস্তা করা হয় বলে ভিডিওতে দেখা যায়। শিশুটি ভয়ে কেঁদে ওঠে।
ঘটনার পর এক ভিডিও বার্তায় বাঁধন জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয় এবং মারধরের একপর্যায়ে তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়।
পরে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় অভিযোগ করেছেন বলেও জানা গেছে। বাঁধনএ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।
অভিনেত্রী জাকিয়া বারী মমও ঘটনার নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার ভিডিও শেয়ার করে ঘৃণা প্রকাশ করেন তিনি। পরে দেওয়া এক পোস্টে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মম লেখেন, ‘কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনোটাই ভালো হচ্ছে না!’ এরপর তিনি নারী ও শিশু নির্যাতন, খুন, সন্ত্রাস, নারীর প্রতি অসম্মানসহ বিভিন্ন বিষয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন।
এদিকে নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়েও কথা বলেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
মঙ্গলবার সকালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।

