রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলি লেগেছে বলে জানা গেছে।
এর আগে আহত অবস্থায় মো. জাকারিয়া (৩৩) নামে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ৫৪/এ, উত্তর ধলপুরে। বাবার নাম সফর আলী।
আহত জাকারিয়া জানান, উত্তর ধলপুরে ৬/৭ জন হেলমেট পরিহিত সন্ত্রাসী ‘ইমরান দৌড় দিবি না’ এই বলে সেখানে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে, সেই গুলিতে সম্ভবত ওই যুবক মারা যায়।
তাদের একটি গুলি এসে তার পায়ে বিদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায় বলেও জানান জাকারিয়া।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

