বাংলাদেশের ব্যবসায়ী ও সাধারণ পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে তা সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনায় রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, অবকাঠামো ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্প খাতে আরও বেশি মার্কিন বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও চুক্তিগুলো আরও ভারসাম্যপূর্ণ ও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি ঢাকার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারে ওয়াশিংটনের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

