পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্য দিয়ে বিশ্বের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও জাপানসহ ৩২টি দেশ ও পৃথকভাবে গণ্য অর্থনীতি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আন্তর্জাতিক পারমাণবিক শিল্পের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগে ৩১টি দেশে বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ছিল। এর সঙ্গে তাইওয়ানকে পৃথকভাবে গণনা করলে সংখ্যা দাঁড়ায় ৩২।
অর্থাৎ, এই তালিকার পর বাংলাদেশকে ৩৩তম হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর গণনাপদ্ধতিতে তাইওয়ানকে সব সময় পৃথক দেশ হিসেবে বিবেচনা করা হয় না। সে কারণে কোথাও ৩১টি দেশের হিসাবও দেখা যায়।
কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রথম ধাপে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।
এরপর কেন্দ্রটি সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রায় ২৮ ঘণ্টা পর আবার পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করা হবে। ধাপে ধাপে বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাইয়ের পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

