জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া অধিবেশনে তিনি সভাপতিত্ব করবেন।

জাতিসংঘ সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধন হবে। আর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এ সময় অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটে তিনি ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করেন। কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদটি বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে ঘুরে আসে। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ড. খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। তাঁর মেয়াদ ৮ সেপ্টেম্বর থেকে এক বছর।

এর আগে ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি বিশ্বের অন্যতম বৃহৎ বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন। ড. খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।