আগামীকাল (২৭ আগস্ট) বিকাল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার কারণে এবারের অধিবেশনটি তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে জানান, অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে; তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে। বিরোধী দল কোনও গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করলে তা নিয়েও আলোচনা হবে।

আগামীকাল বিকাল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনটি সংক্ষিপ্ত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করতে আগামীকাল দুপুর ২টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এবারের অধিবেশন ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে।

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে গত ১১ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়। সংবিধান অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারবে না।

গত ১৫ জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। সে হিসাবে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে নতুন অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। তবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি থাকায় নির্ধারিত সময়ের কিছুটা আগেই অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শেষে ২১ সেপ্টেম্বর সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন।