আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আগামী ৩১ আগস্ট রায়ের নতুন তারিখ ঠিক করেছেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ।

এই মামলায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত বছরের ১৭ মে রায় দিয়েছিলেন। সেই রায়ে প্রধান আসামি হিটু শেখের (৪৭) মৃত্যুদণ্ডাদেশ হয়। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

বিচারিক আদালতের রায়ে বাকি তিন আসামি খালাস পান। তারা হলেন, নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগম।

বিচারিক আদালতে রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে মামলাটি, দণ্ডিত আসামি আপিলও করেন।

হাইকোর্টে আসামিপক্ষে রয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।