রংপুরে এক পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় অপরাধ সংঘটনের যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ শৃঙ্খলা বাহিনীর মনোবল ও কর্মপরিবেশ অত্যন্ত নাজুক ছিল। গত ছয় মাসে সেই অবস্থার পরিবর্তন করা সম্ভব হয়েছে। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের সংঘটিত হওয়ার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটিকে সরকারের অন্যতম কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। রংপুরের ওই ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে বলে এর আগে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রামিসা হত্যা থেকে শুরু করে অনেক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে।’ তার ভাষ্য, সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যেন জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।